হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও ওমান। এ বিষয়ে দুই দেশ ইতোমধ্যে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের বরাতে সোমবার (৩ আগস্ট) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এ চুক্তির অধীনে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণাধীন ও এর উপকূলসংলগ্ন একটি নৌপথ দিয়ে চলাচল করবে। অন্যদিকে উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের উপকূলসংলগ্ন একটি নৌপথ ব্যবহার করবে।
ইরানের কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, নৌপথে কোনো ধরনের টোল আদায় করা হবে না। তবে চুক্তিতে পরিবেশগত প্রভাব, পণ্যবাহী জাহাজ ও ট্যাংকারের নিরাপত্তা এবং পরিচালন ব্যয়ের জন্য একটি ‘পরিষেবা ফি’ অন্তর্ভুক্ত থাকতে পারে। এই অর্থ ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের বর্ণনা সঠিক নয়। প্রণালি দিয়ে কোনো ‘অস্থায়ী’ নৌপথ ব্যবহারের জন্য ইরানের অনুমোদনের প্রয়োজন হবে না। এ ছাড়া কোনো ধরনের টোলও আদায় করা হবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রস্তাবিত ব্যবস্থাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা এ বিষয়ে ইরানকে ছাড় দেওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চুক্তিটি উদ্দেশ্য অনুযায়ী কার্যকর হবে কি না এবং এটি যুক্তরাষ্ট্রের আরেকটি হামলা প্রতিরোধ করতে পারবে কি না তা নিয়েও ইরানের কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমবি
