বিজ্ঞাপন

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসে তার মালিকানাধীন গলফ মাঠ থেকে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের একটি নৈশভোজে অংশ নিতে তার ওই এলাকায় সফরের কথা রয়েছে। বুধবার (০৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ৩৮ বছর বয়সী জেনিন জন টেলের কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাঁকে লুকানো আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে আটক করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, তাকে গলফ কোর্সের চত্বরে ঘোরাফেরা করে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা গেছে। পাশাপাশি তিনি নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি পর্যবেক্ষণ করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ট্রাম্প রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে যোগ দিতে বর্তমানে ক্যালিফোর্নিয়া সফর করছেন।

এক বিজ্ঞপ্তিতে শেরিফ বিভাগ জানিয়েছে, দুপুরের দিকে সাদাপোশাকের ফেডারেল এজেন্টরা স্থানীয় কর্তৃপক্ষকে একজন সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে খবর দিলে টেলেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতির একটি মামলার অভিযোগ রয়েছে। তিনি পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি।

কর্তৃপক্ষ জানিয়েছে, তল্লাশি চালিয়ে তার কাছে হলো-পয়েন্ট গুলিভর্তি একটি ১৬ রাউন্ডের ম্যাগাজিন পাওয়া গেছে। এ ছাড়া গলফ কোর্সে পার্ক করা তাঁর গাড়ি থেকে একটি লোডেড পিস্তল এবং হলো-পয়েন্ট গুলিভর্তি আরেকটি লোডেড ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের মেজর ক্রাইমস ব্যুরোর এজেন্টরা তাঁর বাসভবনে অভিযান চালান।

শেরিফ বিভাগ জানিয়েছে, ঘটনাটিকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এ সময় সেখান থেকে একটি এআর প্ল্যাটফর্ম রাইফেল, একটি পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, পিস্তল ও রাইফেলের জন্য বিপুল পরিমাণ গুলি এবং উগ্রবাদ-সংক্রান্ত একাধিক নোটবুক উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের সহায়তায় তদন্ত অব্যাহত রয়েছে। কর্মকর্তারা বলছেন, পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

প্রেসিডেন্টের ক্যালিফোর্নিয়া সফরের সময় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাম্পের তাঁর গলফ কোর্সে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প তিনটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। সর্বশেষ হোয়াইট হাউসে একটি নৈশভোজ চলাকালে এক বন্দুকধারী ওয়াশিংটনের একটি হোটেলে হামলা চালায়। ওই ঘটনায়ও তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

সূত্র: বিবিসি

এমবি