বিজ্ঞাপন

হরমুজে টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠি

হরমুজে টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠি

হরমুজ প্রণালিতে টোল আরোপ না করার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিশ্বের শীর্ষ আটটি শিপিং সংস্থা। চিঠিতে তারা টোল আরোপের বিরোধিতা করার জন্য জাতিসংঘে আহ্বান জানিয়েছে। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে এ তথ্য সামনে এসেছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজকে লেখা এক চিঠিতে সংস্থাগুলো বলেছে, প্রণালি দিয়ে যাতায়াতের জন্য কর্তৃপক্ষকে জাহাজ থেকে অর্থ আদায়ের অনুমতি দেওয়া হলে তা আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন করবে এবং বিশ্ব অর্থনীতির ক্ষতি করবে।

জাহাজের মালিক ও পরিচালনাকারীদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলো সোমবার জাতিসংঘে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। বুধবার তা প্রকাশ্যে আসে। চিঠিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে ট্রানজিটের জন্য বাধ্যতামূলক চার্জ বা কার্যত টোল হিসেবে গণ্য হওয়া পরিষেবা ফি আরোপ করা হলে তা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতি থেকে একটি উল্লেখযোগ্য বিচ্যুতি হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বিশ্ব বাণিজ্যের ওপর তাৎক্ষণিক আর্থিক প্রভাবের বাইরেও এটি একটি ব্যতিক্রমী নজির স্থাপন করবে। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক নৌচলাচল ও ট্রানজিট পথ হিসেবে ব্যবহৃত প্রণালিগুলোকে নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোকে দুর্বল করে দিতে পারে।

সংস্থাগুলো বলেছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌচলাচলের অধিকারকে ‘ক্ষুণ্ন করা বা বৃহত্তর রাজনৈতিক আলোচনার অংশ হিসেবে ব্যবহার করা উচিত নয়।’ একটি স্থায়ী টোল ব্যবস্থা জ্বালানির মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণ হতে পারে।

চিঠিতে বলা হয়েছে, এ ধরনের প্রভাবের মানবিক মূল্যও দিতে হবে, যা বিশ্বজুড়ে মানুষের জীবন-জীবিকাকে প্রভাবিত করবে। আন্তর্জাতিক সামুদ্রিক শাসনের ভিত্তি হিসেবে নৌচলাচলের স্বাধীনতা সংরক্ষণে আমাদের সমর্থন অব্যাহত রাখা অত্যাবশ্যক।

চিঠিতে স্বাক্ষরকারী আটটি সংস্থা হলো এশিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশন, বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল, ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ড্রাই কার্গো শিপওনার্স, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিপেনডেন্ট ট্যাংকার ওনার্স এবং ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল।

এর আগে জাতিসংঘের সামুদ্রিক সংস্থার প্রধান ডোমিঙ্গেজ আল জাজিরাকে বলেন, প্রণালিটিতে শুল্ক আরোপ করা হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এটি বৈশ্বিক নৌপরিবহনের জন্য একটি ‘অত্যন্ত খারাপ’ নজির স্থাপন করবে।

তিনি বলেন, এ ধরনের প্রণালিতে টোল, অর্থপ্রদান বা মাশুল আরোপ করার অধিকার কোনো দেশের নেই।

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পরপরই দেশটি প্রণালিতে কার্যত একটি সামুদ্রিক ‘টোল বুথ’ স্থাপন করে। মে মাসে পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে তেহরান তার শুল্কব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দেয়।

সূত্র : আল জাজিরা

এমবি