বিজ্ঞাপন

ইয়েমেনে হুথিদের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি প্রশাসনের

ইয়েমেনে হুথিদের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি প্রশাসনের

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে একাধিক ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। তবে এসব হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বাহিনী মধ্যাঞ্চলীয় শহর মারিবের আকাশে হুথিদের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার সকালে হুথিরা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। এসব হামলায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল মারিবকে লক্ষ্যবস্তু করা হয়।

সূত্রগুলো জানিয়েছে, শহরটিতে ব্যাপক বেসামরিক কার্যক্রম চলার সময়ই বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সরকারি মালিকানাধীন সাবা টিভি জানিয়েছে, মারিবের আকাশে হুথিদের বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে হুথিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে সৌদি আরবেও হামলা চালিয়েছে হুথিরা। এ হামলার পর সৌদি আরবের গোয়েন্দা সূত্র জানিয়েছে, গোষ্ঠীটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে এই হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চার বছর বয়সী শিশুও রয়েছে।

মালিকি হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জোট সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। তবে জোটের এ বিবৃতির বিষয়ে হুথি বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমবি