ভারতের অরুণাচল প্রদেশের কিছু ভূখণ্ড চীনা সেনারা দখল করেছে এমন দাবি প্রত্যাখ্যান করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি বলেছেন, ভারতীয় সেনারা কার্যকরভাবে ভারতের ভূখণ্ডে নজরদারি ও এগুলো রক্ষা করে চলছে।
শনিবার (৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খান্ডু বলেন, “অরুণাচল প্রদেশে কোনো ধরনের অনুপ্রবেশের ইঙ্গিত নেই।”
চীন ভারতের সীমান্তবর্তী এ রাজ্যটির কিছু অংশের নাম পরিবর্তনের চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই। এরমধ্যেই অরুণাচলের মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন। গতকাল ভারত সরকার প্রদেশটির ২৭টি স্থানের নাম শনাক্ত করে সেগুলো ভারতের মানচিত্রের সঙ্গে প্রকাশ করেছে।
দেশটির এক সরকারি কর্মকর্তা বলেছেন, “ভারতের মানচিত্রে এসব স্থান শনাক্ত করার উদ্দেশ্য হলো— এগুলোর সঠিক স্বীকৃতি দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা।”
চীন অরুণাচলের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে নতুন যে নাম দেয় সেগুলো অনেকটা চীনা শব্দের মতো শোনা যায়। ভারত বলে থাকে, এসব নাম পরিবর্তনের চেষ্টার মাধ্যমে কোনো কিছু পরিবর্তন হবে না। অরুণাচল সবসময় ভারতেরই ভূখণ্ড থাকবে।
এদিকে চীন অরুণাচল প্রদেশকে জ্যাংনান বলে ডাকে। ২০১৭ সালে তারা অরুণাচলের ছয়টি স্থানের নতুন নামকরণ করে। এরপর ২০২১ সালে ১৫টি এবং ২০২৩ সালে আরও ১১টি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করে। তবে ভারত এগুলো প্রত্যাখ্যান করে আসছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমটিআই
