বিজ্ঞাপন

রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির ঐতিহাসিক সফর

রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির ঐতিহাসিক সফর

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর প্রথমবারের মতো সরকারি সফরে সার্বিয়া গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ইউরোপ মহাদেশে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সার্বিয়া সফরে তিনি দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করবেন।

বেলগ্রেড বিমানবন্দরে পৌঁছালে জেলেনস্কিকে স্বাগত জানান সার্বিয়ার জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হান্দানোভিচ। পরে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, আমরা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদ্যমান সম্পর্ক, উভয় দেশের জন্য সুবিধাজনক নানা বিষয় এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করব।

সার্বিয়ার প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল প্রাসাদে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

সফর প্রসঙ্গে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো সার্বিয়াকে রাশিয়ার প্রভাববলয় থেকে বের করে আনা।

তবে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা যে বেলগ্রেডের নেই, তা আবারও পরিষ্কার করেছেন প্রেসিডেন্ট ভুচিচ। সার্বিয়া কয়েক বছর ধরেই এ বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেনি এবং বর্তমান নীতিই বহাল থাকবে বলে জানান তিনি।

সার্বিয়া ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানালেও মস্কোর ওপর অর্থনৈতিক বা কূটনৈতিক নিষেধাজ্ঞা দেয়নি। বেলগ্রেডের এই অবস্থানের কারণে একদিকে যেমন তাদের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, অন্যদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা জোট।

/এমএসএ