সৌদিতে তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এতে স্থাপনাটিতে আগুন ধরে গেছে। রোববার (৯ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইয়েমেনের এই গোষ্ঠীটি আজ সকালে জিজানে সৌদি আরামকোর তেল স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির হামলায় স্থাপনাটি দাউ দাউ করে জ্বলছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে সৌদি ড্রোন হামলার জবাবে তারা স্থাপনাটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
এর আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের বন্দর জিজানে অবস্থিত সৌদি আরামকো শোধনাগারের একটি স্থাপনায় হামলা হয়েছে। তবে ভোরবেলায় লাগা এ আগুন দমকলকর্মীরা নিভিয়ে ফেলেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে শুক্রবারও সৌদিতে হামলা চালিয়েছিল হুথিরা। এ হামলার পর সৌদি আরবের গোয়েন্দা সূত্র জানিয়েছে, গোষ্ঠীটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে এই হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।
মালিকি হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জোট সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। তবে জোটের এ বিবৃতির বিষয়ে হুথি বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা
এমবি
