ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাস যতক্ষণ পর্যন্ত তাদের সব অস্ত্র সমর্পণ না করবে ততক্ষণ গাজার দখলকৃত অংশ থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না।
এছাড়া তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
নেতানিয়াহু বলেছেন, “যতক্ষণ আমি প্রধানমন্ত্রী, গাজা বা পশ্চিমতীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না।”
রোববার (৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহ বলেন, “ইসরায়েল গাজা বোর্ড অব পিসের ১৫ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করছে। হামাস যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে অস্ত্র সমর্পণ না করবে আমাদের সেনারা সেখান থেকে সরবে না। এবং আমরা আমাদের সেনা ও জনগণের ওপর হুমকি প্রতিহত করে যাব।”
এ দখলদার আরও বলেন, “যখন আমি হামাসকে নিরস্ত্রকরণের কথা বলি, তখন আমি ভারী অস্ত্র, হালাক অস্ত্র সব অস্ত্রকে বোঝাই। আমরা সত্যিকারের নিরস্ত্রকরণের কথা বলছি। কোনো কাল্পনিক নিরস্ত্রকরণ নয়।”
তিনি আরও বলেছেন, “আমরা মার্কিনিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি। তাদের কিছু আইডিয়া আছে, যেগুলোর কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, কিছু গ্রহণযোগ্য নয়। আর আমরা জানি সেগুলো নিয়ে কিভাবে দাঁড়াতে হয়।”
এদিকে গত সপ্তাহে হামাস প্রথমবারের মতো জানায় তারা তাদের ভারী অস্ত্র সমর্পণ করবে। তবে এজন্য আগে ইসরায়েলকে তাদের সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে।
বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ অঞ্চল ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: সিএনএন
এমটিআই
