ইরান যুদ্ধের কারণে গোলাবারুদ ও অস্ত্র ফুরিয়ে যাওয়ার শঙ্কায় অস্ত্র উৎপাদনকারীদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বুধবার উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফিনবার্গ মিলিটারি কন্ট্রাক্টরদের কাছে একটি মেমো পাঠান। এতে তিনি বলেছেন, আগামী ২১ দিনের মধ্যে তাদের কাছে এমন পরিকল্পনা দিতে হবে যেখানে আরও অতি দ্রুত সময়ের মধ্যে তারা অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে পারবে। এছাড়া এসব কন্ট্রাক্টরদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন তিনি।
এই মেমোর কথা স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিন পার্নেল। তিনি সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “গত ৫ আগস্ট পাঠানো মেমোটি পুরোপুরি সত্যি। এটি ২০২৮ অর্থবছরের বাজেটের রূপরেখা তৈরি করবে, যা অর্থায়নের জন্য কংগ্রেসে তোলা হবে। এছাড়া, দেশের প্রতিরক্ষা শিল্প খাতকে পুনর্গঠনে আমাদের বর্তমান প্রচেষ্টার সঙ্গেও এটি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, ক্যাপিটল হিলে এখন যে ২০২৭ অর্থবছরের বাজেটটি বিবেচনার অধীনে রয়েছে, তা এই উদ্যোগের গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর টানা ৪০দিন যুদ্ধ চলে। গত জুনে মার্কিনি ও ইরানিরা যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে প্রথম থেকেই এটি ভঙ্গুর থাকায় দুই পক্ষের মধ্যে আবারও মাঝে লড়াই শুরু হয়েছিল। এখন হামলা ও পাল্টা হামলা বন্ধ আছে।
সূত্র: সিএনএন
এমটিআই
