কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় সকালের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোগোতায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা এত তীব্র ছিল যে তা দূরবর্তী ভেনেজুয়েলা সীমান্তেও অনুভূত হয়েছে।
কলম্বিয়ার ভূমিকম্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা জিওলজিক্যাল সার্ভিস বলেছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় লাগোয়া চোকো প্রদেশে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
অন্যদিকে, দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শাখা (ইউএনজিআরডি) বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৯ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমার শহরের কাছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইউএনজিআরডি বলেছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা যাচাইয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
তবে শক্তিশালী এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে দেশটির কোনও অঞ্চলে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স, এএফপি।
এসএস
