চোখের পলকে নিমিষেই ধসে পড়েছে একটি বিশাল সেতু। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ধসের দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। প্রবল স্রোতের মুখে মুহূর্তেই পুরো সেতুটি ধ্বংস হয়ে গেছে। সোমবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পর নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে সৃষ্ট প্রবল স্রোতে রাজ্যের নীতি উপত্যকা অঞ্চলের একটি সেতু ভেসে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, চামোলি জেলার অন্তর্গত উপত্যকায় কাদা মিশ্রিত বিশাল স্রোত তীব্র বেগে ছুটে এসে ধাতব সেতুটিতে সজোরে আছড়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই পানির প্রচণ্ড ধাক্কায় সেতুটি উপড়ে গিয়ে নদীর তীরের দিকে আছড়ে পড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি ভেঙে যাওয়ায় এলাকাটি মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জনগণকে এই এলাকায় যাতায়াত না করার জন্য অনুরোধ করেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং প্রশাসন সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত সবাইকে এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে।
উপত্যকার নদী ও খালের তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। কারণ ভারী বৃষ্টির কারণে পানির স্তর আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, রোববার রাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে। এতে করে দেরাদুন, বাগেশ্বর, নৈনিতাল এবং চম্পাওয়াত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, সারা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি একটানা চলতে থাকবে। সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বিরতি থাকতে পারে। এরপর গত রাতের মতো রাতেও আবার একইভাবে বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, সরকারিভাবে ভূমিধসপ্রবণ এলাকাগুলোতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে কী করতে হবে, সে বিষয়ে জনগণকে অবহিত করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমবি
