বিজ্ঞাপন

ভারতে বিল পাস

বন্দে মাতরম গানকে অপমান করলে তিন বছরের বেশি কারাদণ্ড

বন্দে মাতরম গানকে অপমান করলে তিন বছরের বেশি কারাদণ্ড

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম গানের অপমানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিল পাস করেছে ভারত। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এ বিলে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ এ গান গাওয়ার সময় বিঘ্ন সৃষ্টি করেন অথবা বাধা দেন তাহলে তাকে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তি পেতে হবে।

বন্দে মাতরম ভারতের জাতীয় গান। এখন থেকে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমান সম্মান পাবে এটি।

ভারত সরকার এক বিবৃতিতে এ ব্যাপারে জানিয়েছে, প্রেসিডেন্টের সম্মতির মাধ্যমে ‘জাতীয় সম্মানকে অপমান থেকে আটকানো বিল ২০২৬’ এখন আইনে পরিণত হয়েছে।

গত ৩০ জুলাই ভারতের লোকসভা বিলটি পাস করে। এরআগের দিন রাজ্যসভায় এটি পাস করা হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবারের মতো এবারই স্বাধীনতা দিবসের লালকেল্লার অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম গাওয়া হবে।

কী শাস্তি পেতে হবে?

কেউ বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীতকে অপমান করলে তার তিন বছরের বেশি কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। দ্বিতীয় অথবা পরবর্তীতে আবারও একই কাজ করলে অন্তত এক বছরের কারাদণ্ড দেওয়া হবে।

সদ্যই পাস হওয়া এ আইনে বলা আছে, “বর্তমানে আমাদের জাতীয় গান হিসেবে মর্যাদাপ্রাপ্ত 'বন্দে মাতরম' গাওয়ার সময় এটিকে অবমাননা করা থেকে বিরত রাখার জন্য সুনির্দিষ্ট কোনো আইনি বিধান নেই। তাই, কেউ যেন ইচ্ছাকৃতভাবে এই জাতীয় গান গাওয়ায় বাধা দিতে না পারে কিংবা এই গান গাওয়ার সময় উপস্থিত কোনো সমাবেশে গোলযোগ সৃষ্টি করতে না পারে—তা নিষিদ্ধ করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট আইনের ৩ নম্বর ধারাটি সংশোধন করার প্রস্তাব করা হচ্ছে। এর ফলে জাতীয় গানকেও এই আইনের আওতায় এনে এ ধরনের কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা সম্ভব হবে।”

সূত্র: এনডিটিভি

এমটিআই