ওমানের সঙ্গে চুক্তি হলেও, যুক্তরাষ্ট্র যদি শর্ত না মানে তাহলে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।
মঙ্গলবার (১১ আগস্ট) মোহসেন শর্তের ব্যাপারে বলেন, “যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে— যারমধ্যে গাজা ও লেবানন অন্তর্ভুক্ত। ইরানের বৈদেশিক সম্পদ মুক্ত করতে হবে এবং ইরানের বাকি শর্তগুলো পূরণ করতে হবে।”
“ওমান ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হরমুজ খুলবে না”— যোগ করেন রেজাই।
যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে
ইরান হরমুজ প্রণালি থেকে পিছিয়ে যাবে না বরং যে কোনো মূল্যে এটির নিয়ন্ত্রণ ধরে রাখবে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমোলি লারিজানি।
গত রোববার বার্তাসংস্থা আইআরআইবি এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক প্রধান বিচারপতি বলেছেন, তারা যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবেন।
আয়াতুল্লাহ আমোলি লারিজানি বর্তমানে ইরানের ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি সুপিম লিডারের কর্তৃক সরাসরি গঠিত একটি সংস্থা। যা গুরুত্বপূর্ণ বিরোধ নিষ্পত্তি ও পরামর্শক হিসেবে কাজ করে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর সঙ্গে সঙ্গেই হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। যা এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি।
সূত্র: টাইম অব ইসরায়েল, আইআরআইবি
এমটিআই
