হরমুজ প্রণালি খোলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পারস্য উপসাগর ও লোহিত সাগরে জাহাজে হামলার মধ্যেও তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেনি। এসব ঘটনার মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন।
বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত প্রধান মোহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে বলেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে পুনরায় খুলে দিতে হলে ওয়াশিংটনকে অবশ্যই তার সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং বিদেশে আটক ইরানি তহবিল ছাড় করতে হবে।
ইরানি গণমাধ্যমকে রেজাই বলেছেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন করে ইরানের শর্ত মেনে নিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান এবং গাজা ও লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘ইরানের বার্তা স্পষ্ট। যতক্ষণ না যুক্তরাষ্ট্র যুদ্ধ ও অবরোধ বন্ধ করছে, ইরানের জব্দকৃত সম্পদ ছেড়ে দিচ্ছে এবং লেবানন ও গাজাসহ সমগ্র অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। সকল শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার পৃথকভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের স্টিয়ারিং গিয়ার অচল করতে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এতে বলা হয়েছে, জাহাজটি ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ লঙ্ঘন বন্ধ করার জন্য দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিল।
ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব এল-মান্দেব প্রণালিতে একটি ছোট পণ্যবাহী জাহাজে সন্দেহভাজন হুথি হামলায় চারজন নাবিক নিহত হয়েছেন। ইয়েমেনের কোস্ট গার্ড জানিয়েছে, হুথিবিরোধী একটি সামরিক গোষ্ঠীর দুজন ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হয়েছেন।
মিশরীয় মালিকানাধীন ‘তিহামাহ’ জাহাজে এই হামলায় হতাহতের ঘটনা ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর নৌযানের ওপর চালানো প্রথম হামলা হবে।
হুথি-পরিচালিত সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, গোষ্ঠীটি বাব এল-মান্দেবে সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে। তারা জাহাজটির নাম উল্লেখ করেনি। এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা
এমবি
