বিজ্ঞাপন

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের পদত্যাগ, বার্ষিক আয় কত?

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের পদত্যাগ, বার্ষিক আয় কত?

ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান টাটা সন্সের নির্বাহী চেয়ারম্যান এন চন্দ্রশেখরন পদত্যাগ করেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে কোম্পানির বার্ষিক সাধারণ সভার আগে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এন চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষ হলে তিনি পুনর্নিয়োগের জন্য আবেদন করবেন না।

কোম্পানির আর্থিক বিবরণীতে পরিচালকদের পারিশ্রমিক প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ২০২৬ অর্থবছরে তিনি মোট ১৫৮ দশমিক ৬ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। এটিই তার সর্বোচ্চ বার্ষিক পারিশ্রমিক।

প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পারিশ্রমিকের মধ্যে বেতন ও ভাতা বাবদ ১৭ দশমিক ৯ কোটি টাকা আয় করেছেন। এছাড়া কমিশন বাবদ ১৪০ দশমিক ৭ কোটি টাকা আয় করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ অর্থবছরে চন্দ্রশেখরনের মোট পারিশ্রমিক প্রায় ৬৮৫ কোটি টাকায় পৌঁছেছে। ২০২৬ অর্থবছরে তার পারিশ্রমিক ছিল প্রতিষ্ঠানটির পরিচালকদের দেওয়া মোট পারিশ্রমিকের প্রায় ৮০ শতাংশ।

চন্দ্রশেখরন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া করপোরেট নির্বাহীদের অন্যতম। তবে ২০২৬ অর্থবছরে পারিশ্রমিকের দিক থেকে তিনি একই সময়ে এইচসিএলটেকের সিইও সি বিজয়কুমারের চেয়ে পিছিয়ে রয়েছেন। বিজয়কুমার এ সময়ে ১৭৬ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

চন্দ্রশেখরন ২০২৫ অর্থবছরে ১৫৫ কোটি টাকা এবং ২০২৪ অর্থবছরে ১৩৪ দশমিক ৮ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ২০২৬ অর্থবছরে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, টাটা সন্সের প্রধান অর্থ কর্মকর্তা ও নির্বাহী পরিচালক সৌরভ আগরওয়াল ২০২৬ অর্থবছরে কোম্পানির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। তিনি চলতি বছরে ২৬ কোটি টাকা কমিশনসহ মোট ৩৪ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

চন্দ্রশেখরন ও আগরওয়াল ছাড়া অন্য সাতজন পরিচালকের কেউই কোনো বেতন পাননি। তবে ছয়জন বোর্ড সদস্যকে ১ কোটি থেকে ৩ কোটি টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয়েছে। এর মধ্যে টিভিএস মোটরসের চেয়ারম্যান এমেরিটাস ভেনু শ্রীনিবাসন কোনো পারিশ্রমিক বা কমিশন কোনোটিই পাননি।

সূত্র : এনডিটিভি

এমবি