যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যের রাজ্য প্রশাসন জানিয়েছে, আগামী ১৫ আগস্ট তারা ‘ভারত স্বাধীনতা দিবস’ (ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে) উদযাপন করবে। এ দুই অঙ্গরাজ্য হলো নিউইয়র্ক এবং নিউজার্সি।
গতকাল মঙ্গলবার নিউইয়র্ক রাজ্য সরকারের এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ভারত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল উপস্থিত থাকবেন।
— India in New York (@IndiainNewYork) August 11, 2026
আজ মঙ্গলবার পৃথক এক বিবৃতিতে একই ঘোষণা দিয়েছে নিউজার্সির রাজ্য প্রশাসনও। সেখানে বলা হয়েছে, নিউজার্সিতে ভারত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল।
— India in New York (@IndiainNewYork) August 12, 2026
প্রসঙ্গত, নিউইয়র্ক ও নিউজার্সি উভয়েই প্রতিবেশী অঙ্গরাজ্য এবং উভয় অঙ্গরাজ্যে বহু অভিবাসী রয়েছেন। এই অভিবাসীদের বড় অংশই ভারতীয়।
দুই অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা প্রাপ্তিকে সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
এ বিষয়ে দুই রাজ্যের ঘোষণাপত্রে বলা হয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলন; বিশেষ করে শান্তিপূর্ণ প্রতিরোধের উপর এর গুরুত্বারোপ দেশের বাইরেও প্রভাব ফেলেছিল এবং বিশ্বের অনেক প্রান্তে নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতাকামী আন্দোলনগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হয়ে উঠেছিল।
আরও বলা হয়েছে, নিউইয়র্ক ও নিউজার্সিতে বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসী রয়েছেন এবং দুই অঙ্গরাজ্যের অর্থনীতি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে এ অভিবাসীরা অভূতপূর্ব অবদান রেখে চলেছেন।
নিউইয়র্কে ভারতীয় দূতাবাসের কনস্যুলেট জেনারেলের দপ্তর থেকে এ পদক্ষেপের জন্য নিউইয়র্ক এবং নিউজার্সি— উভয় অঙ্গরাজ্যের রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানিয়ে বলা হয়েছে, “নিউইয়র্ক এবং নিউজার্সি অঙ্গরাজ্যের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে সঙ্গে ভারতের দীর্ঘদিনের সহনশীল মিত্রতা, কূটনীতি এবং মূল্যবোধেরই প্রতিফলন।”
সূত্র : ফার্স্টপোস্ট
এসএমডব্লিউ
