বিজ্ঞাপন

ভারতে ভাইয়ের সামনে ছোট বোনকে ধর্ষণ, জোর করে নিজের অপরাধ দেখায় ধর্ষক

ভারতে ভাইয়ের সামনে ছোট বোনকে ধর্ষণ, জোর করে নিজের অপরাধ দেখায় ধর্ষক

ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ বিভাগে এক ভাইয়ের সামনে তার ছোট বোনকে ধর্ষণ করেছে এক ধর্ষক। এমনকি নিজের করা অপরাধ ওই ভাইকে জোর করে দেখায় ওই পাষণ্ড।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) ১১ বছর বয়সী ভাইয়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল তার ৯ বছরের বোন। সে একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। অপরদিকে তার ভাই একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

তারা স্কুল থেকে ফেরার পর তাদের ২১ বছর বয়সী এক প্রতিবেশী মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল। তখন সে তাদের থামায় এবং বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। কিন্তু মোটরসাইকেলে তোলার পর তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ভাইয়ের সামনে ওই শিশুটিকে ধর্ষণ করে।

তার ভাই যখন এতে বাধা দেওয়ার চেষ্টা করে তখন তাকে ওই ধর্ষক আঘাত করে। সে তখন তার বোনকে রেখে দৌঁড়ে বাড়ির দিকে যায়।

বাড়ির মানুষ খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পায়। এরপর তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

স্বাস্থ্যকর্মীরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর তার পরিবার স্থানীয় থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।

ভিন্দ থানার পুলিশ সুপার সুরাজ ভের্মা জানিয়েছেন, ধর্ষককে ধরতে একাধিক দল গঠন করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়। পুলিশ এখন পুরো ঘটনা তদন্ত করছে। তিনি বলেছেন, ওই ধর্ষক শিশুটি ও তার পরিবারের পূর্বপরিচিত।

সূত্র: এনডিটিভি

এমটিআই