ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তার বিষয়টি ‘প্রতিযোগিতা কিংবা এই অঞ্চলের বাইরের শক্তিগুলোর’ উপস্থিতির ক্ষেত্র বানানো ঠিক হবে না বলে সতর্ক করে দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, উপকূলবর্তী দেশগুলো সক্ষম এবং তাদের নিজেদেরই ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারা উচিত।
আন্তর্জাতিক ক্যাস্পিয়ান সাগর দিবস উপলক্ষে এবং সাগরটিতে সাম্প্রতিক উত্তেজনার পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেছেন।
গারিবাবাদি বলেন, ৪০ দিনের যুদ্ধ ক্যাস্পিয়ান সাগরের ভূ-রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বকে আগের যেকোনো সময়ের চেয়ে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।
সম্প্রতি ক্যাস্পিয়ান সাগরে একটি ইরানি কার্গো জাহাজে সামরিক হামলা চালায় ইউক্রেন।
হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাহাজটিতে সামরিক সরঞ্জাম ছিল, যা ইরান ও রাশিয়ার মধ্যে বিনিময় করা হচ্ছিল। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে।
এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তাকে আশ্বস্ত করেছেন, ইরানি জাহাজটিকে লক্ষ্যবস্তু করা ‘অনিচ্ছাকৃত’ ছিল।
সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়, সেই যুদ্ধের সময় ক্যাস্পিয়ান সাগরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও দুই দেশ হামলা চালায়।
এসএস
