বাংলাদেশের জন্য ২০০টি এলএইচবি কোচ তৈরি করছে ভারত। এরমধ্যে প্রথম চালানের জন্য ১৯টি কোচ প্রস্তুত করেছে পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)।
যেগুলো আজকেই তাদের ফ্যাক্টরি থেকে বের হয়েছে। এই ১৯টি কোচের মধ্যে রয়েছে তিনটি এসি স্লিপার কার, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার।
সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস বুধবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের জন্য প্রস্তুত করা ১৯টি কোচ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় রেলওয়ে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এই কোচগুলো তৈরি করা হয়েছে। যারমধ্যে শিশু পরিচর্যা রুম এবং নামাজের স্থানও করা হয়েছে।
ভারতীয় রেলওয়ে আরও জানিয়েছে, বাংলাদেশের যাত্রীদের কথা বিবেচনা ও বাংলাদেশ রেলওয়ের চাহিদার ভিত্তিতে নতুন কোচগুলোর ছাদগুলো আরও বেশি শক্তপোক্ত করা হয়েছে।
ভারতের রেলওয়ে তাদের বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, “ভিড়ের সময় যাত্রীদের ছাদে ভ্রমণ করার সময় যে বাড়তি চাপ তৈরি হয় সেটির জন্য ছাদের কাঠামো শক্তিশালী করা হয়েছে।”
এছাড়া বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি এসব কোচে রয়েছে উন্নতমানের রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট। যাত্রীদের আরামের জন্য চেয়ারে একাধিক অবস্থানে হেলানোর সুবিধা রাখা হয়েছে।
সঙ্গে কোচগুলোতে যাত্রী নিরাপত্তা ও সুবিধার জন্য সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রী অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা রাখা হয়েছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস
এমটিআই
