বিজ্ঞাপন

জানালেন ট্রাম্প

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন ক্যারোলিন লিভিট

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন ক্যারোলিন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে বিদায় নিয়েছেন ক্যারোলিন লিভিট (২৮)। প্রেসিডেন্ট ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ক্যারোলিন লিভিটের বিদায়ের তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যাল পোস্টে ক্যারোলিনকে নিজের ‘সবচেয়ে বিশ্বস্ত কর্মীদের এক জন’ উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “নিজের শিশু সন্তান এবং পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারোলিন লিভিট। তার অবস্থা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি এবং এ সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। ক্যারোলিন ছিলেন হোয়াইট হাউসের ইতিহাসের সেরা প্রেস সেক্রেটারিদের মধ্যে একজন। ২০১৮ সাল থেকে হোয়াইট হাউসের একজন প্রকৃত নেত্রী হিসেবে ন্যায়বিচার, স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াইয়ে তিনি অসাধারণ কাজ করেছেন।”

“এখন থেকে ক্যারোলিন আমার একজন আউটসাইড উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টির অভ্যন্তরে প্রভাবশালী কণ্ঠস্বর হবেন।”

বস্তুত, ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর যে সরকার বা প্রশাসন গঠন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই প্রশাসনের কয়েক জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা চলতি ২০২৬ সালের আট মাসে বিদায় নিয়েছেন। অব্যাহতি নেওয়া এসব কর্মকর্তার মধ্যে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সুপারিশে নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম, শ্রমমন্ত্রী লোরি মিশেল শ্যাভেজ ডি রেমার এবং অভিবাসন ও কাস্টমস বিষয়ক পুলিশ বাহিনী আইসিইর প্রধান টড লিওন। এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো ক্যারোলিন লিভিটের নাম।

তবে এক্ষেত্রে তালিকার অন্যান্যদের সঙ্গে ক্যারোলিনের খানিকটা পার্থক্য রয়েছে। অন্যান্যরা প্রশাসনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন; আর ক্যারোলিন অব্যাহতি নিয়েছেন মাতৃত্বগত কারণে। ২৮ বছর বয়সী ক্যারোলিন লিভিট এবং তার স্বামী নিকোলাস গত মে মাসে ভিভিয়ানা নামে এক কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন। ভিভিয়ানা তাদের দ্বিতীয় সন্তান।

সন্তানের জন্মের আগে এপ্রিলে মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন তিনি। সন্তানের জন্মের পর নিয়মিত না হলেও মাঝে মাঝে কার্যস্থলে আসতেন ক্যারোলিন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে সর্বশেষ তিনি ব্রিফিং করেছেন জুলাইয়ের মাঝামাঝি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যারোলিনের সম্পর্ক ২০২১ সাল থেকে। সে বছর জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত প্রেসসচিব এবং স্পিচ রাইটারের পদে আসেন। তারপর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত কর্মী হয়ে ওঠেন ক্যারোলিন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ২০২৫ সালে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হন ক্যারোলিন লিভিট।

সূত্র : বিবিসি, আলজাজিরা

এসএমডব্লিউ