নিজেদের ভয়েস ব্যবহার করে বিশ্বের লাখ লাখ স্মার্টফোন ব্যবহারকারী ওয়েবে সার্চ করাসহ অন্যান্য কাজ করে থাকেন। টাইপ করতে সময় লাগায় মুখের ভয়েস দিয়েই প্রয়োজনীয় কাজ সারেন তারা।
তবে যারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী তারা অন্যদের মতো নিজেদের ভয়েস ব্যবহার করতে পারেন না। তাদের সার্চ বা অন্যান্য কাজে টাইপই একমাত্র ভরসা।
আর তাদের জন্যই গুগলের ডিপমাইন্ড নিয়ে এসেছে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষার এআই। যেটির মাধ্যমে ইশারা ব্যবহার করে নিজেদের প্রয়োজনীয় লেখা লেখতে পারবেন তারা।
গুগলের ডিপ মাইন্ড এটির নাম দিয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ টু টেক্সট (এসএল২টি)। এটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের কাজ সারতে পারবেন।
এই সুবিধাটি আছে জি-বোর্ড এবং গুগলের পিক্সেল ১১ ডিভাইসের লাইভ ট্রান্সক্রাইবে। প্রাথমিকভাবে এটি আমেরিকান ইশারা ভাষাকে সরাসরি ইংরেজি টেক্সটে রূপান্তর করছে।
প্রযুক্তিটি যেভাবে কাজ করে
কথা শুনে টাইপ করার প্রযুক্তিতে যেমন মুখের শব্দকে একই ভাষার লেখায় বদলে দেওয়া হয়, েইশারা ভাষার বিষয়টি তেমন নয়। এটি দুটি একদম ভিন্ন ভাষার মধ্যে দৃশ্যমান অনুবাদের কাজ করে। কারণ, সাইন ল্যাঙ্গুয়েজের নিজস্ব ব্যাকরণ, বাক্য গঠনের নিয়ম আর মুখের অঙ্গভঙ্গি রয়েছে—যা সাধারণ লিখিত ভাষার সাথে হুবহু মেলে না। এ কারণে গুগলের ইঞ্জিনিয়াররা জটিল বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন।
ব্যবহারকারীদের সুবিধার্থে এই প্রযুক্তিতে শুধুমাত্র এক হাতের ইশারা যেন কাজ করে এমন ব্যবস্থা করা হয়েছে।
এ মুহূর্তে গুগলের পিক্সেল ফোনে এ সুবিধা থাকলেও এটি পরবর্তীতে বিস্তৃত করা হবে।
সূত্র: এনডিটিভি
এমটিআই
