বিজ্ঞাপন

ইয়েমেনের আরেক শহরে হুথিদের হামলা, প্রতিহতের দাবি সেনাবাহিনীর

ইয়েমেনের আরেক শহরে হুথিদের হামলা, প্রতিহতের দাবি সেনাবাহিনীর

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা আরও একটি শহরে হামলা চালিয়েছে। গোষ্ঠীটি এ দফায় তাইজ শহরকে লক্ষ্যবস্তু করেছে। তবে এ হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইয়েমেনের বেশ কয়েকটি গভর্নরেটে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে দেশটির সরকারি বাহিনী তাইজ প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে হাইফানের দক্ষিণে আল-মাফালিস ফ্রন্টে হুথিদের একটি হামলা প্রতিহত করেছে।

সরকারি বাহিনীর সহযোগী তোর আল-বাহা সামরিক অক্ষের একজন কর্মকর্তা বলেন, সেনাবাহিনী আল-মাফালিস ফ্রন্টের অবস্থানগুলোতে হুথিদের হামলা প্রতিহত করেছে। এ সময় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, তোর আল-বাহাতে একটি যৌথ সামরিক ও নিরাপত্তা অভিযান চালানো হয়েছে। এর মূল লক্ষ্য ছিল হুথিদের হামলা প্রতিহত ও ব্যর্থ করে দেওয়া।

সরকারি বাহিনীর মুখপাত্র ওয়াদাহ আল-দুবেশ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমে আল-মাখার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের গোয়েন্দা ড্রোন ঠেকিয়ে দিয়েছে।

উত্তেজনা দ্রুত বৃদ্ধি

বুধবার ইয়েমেন সরকার জানিয়েছে, তারা বেশ কয়েকটি প্রদেশে কামান ও ড্রোন হামলা চালিয়ে হুথিদের অবস্থান ও সমাবেশে আক্রমণ করেছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আল-ধালিয়া গভর্নরেটের উত্তরাঞ্চলে আল-ফখির বাজারের আশপাশে হুথিদের সমাবেশ ও অতিরিক্ত সেনাদের ওপর সরকারি বাহিনী গোলাবর্ষণ করেছে। এতে বেশ কয়েকজন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ ইয়েমেনের তথ্য উপমন্ত্রী ফায়াদ আল-নুমানের বরাতে জানিয়েছে, বুধবার সরকারি বাহিনী ‘বিভিন্ন জায়গায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ভারী কামান ও ড্রোন দিয়ে ব্যাপক গোলাবর্ষণ করেছে।’

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশাদ আল-আলিমি বলেন, এখন থেকে হামলার জবাবে পাল্টা হামলা ও প্রতিরোধ ছাড়া হুথিদের কোনো পদক্ষেপ বরদাস্ত করা হবে না।

সূত্র : আল জাজিরা

এমবি