ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে এক অভাবনীয় ও অদ্ভুত চুরির ঘটনা ঘটেছে। এক চোর বহাল তবিয়তে অটোমোবাইল শোরুমে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় কাটিয়ে ৪ লাখ ৭১ হাজার রুপি মূল্যের একটি বিলাসবহুল বাইক নিয়ে সটকে পড়েছেন।
শুধু তাই নয়, বাইক নিয়ে পালিয়ে যাওয়ার আগে শোরুমে ওই চোর লুঙ্গি ডান্স গানের তালে নাচ, গোসল করার পর কফি পানও করেছেন ব্যাপক উৎফুল্ল মনে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশটিতে।
অবাক করা এই চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি শোরুমের ভেতরে ক্ষণে ক্ষণে জনপ্রিয় বলিউড গান ‘লুঙ্গি ডান্সের’ তালে নাচানাচি করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, মোটরসাইকেলের শোরুমটিতে ঢুকে কোনো তাড়াহুড়ো দেখাননি ওই চোর। প্রায় সাড়ে চার ঘণ্টা সেখানে আরামে অবস্থান করেন তিনি। এ সময় তিনি নিজে কফি বানিয়ে পান করেন, শোরুমেই গোসল সেরে কাপড় শুকান, আর নাচের তালে মেতে থাকেন।
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 13, 2026
এরপর আরাম-আয়েশ শেষে স্টোর ম্যানেজারের ৪ লাখ ৭১ হাজার রুপি মূল্যের দামী একটি কেটিএম বাইক হাঁকিয়ে চম্পট দেন তিনি। উত্তরপ্রদেশের বারাণসীর মানদুয়াদিহ থানা এলাকায় এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিক বার্তা দিয়েছে বারাণসী পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পুলিশ বলেছে, চোরকে শনাক্ত ও তাকে গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি।
এসএস
