রাজ্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার আন্দোলনে নামছে ভারতের বিহারের শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, আগামী ১৮ আগস্ট থেকে আমরণ অনশন শুরু করবে তাদের নেতা দিলীপ ও অন্যান্যরা। দিল্লির যন্তর মন্তর ও ঝাড়খণ্ডে আন্দোলনের পর তার ছোঁয়া লেগেছে বিহারে।
বিহারের শিক্ষার্থীরা রাজ্য শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির পদত্যাগ দাবি করছেন। এরসঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষার (টিআরই ৪) বিজ্ঞপ্তি প্রকাশ ও অন্যান্য পরীক্ষায় জালিয়াতির বিচারও চাইছে তারা। শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাটনায় বৈঠকে বসে।
দীর্ঘদিন ধরেই তারা টিআরআই ৪ এর বিজ্ঞপ্তি প্রকাশের দাবি করছে। যেদিন শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারী দায়িত্ব গ্রহণ করেন সেদিন থেকেই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এখন তার পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসতে যাচ্ছে তারা।
শিক্ষার্থীদের নেতা দিলীপ বলেছেন, তাদের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৮ আগস্ট তারা গার্দিনবাঘে অনির্দিষ্টকালের আমরণ অনশনে বসবেন। তিনি সতর্কতা দিয়ে বলেন, যদি ওইদিন থেকে পাঁচদিনের মধ্যে সরকার তাদের দাবি না মানে তাহলে তারা রাজ্যের বিধানসভার দিকে মিছিল নিয়ে যাবেন। অপরদিকে গার্দিনবাঘে অনশন চলতে থাকবে।
দিলীপ আরও বলেছেন, শিক্ষামন্ত্রী তাদের কথা দিয়েছিলেন জুলাইয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ৪ এর বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। কিন্তু তিনি তা করেননি। দিলীপ অভিযোগ করেন, জুলাইয়ের আগে শিক্ষামন্ত্রী বলতেন জুলাই এখনো আসেনি। আর এখন বলছেন জুলাই ইতিমধ্যে চলে গেছে।
যেহেতু আগস্টেরও প্রায় অর্ধেক চলে গেছে তাই তাদের আন্দোলন শুরু ছাড়া আর কোনো পথ নেই বলে উল্লেখ করেন দিলীপ।
সূত্র: এনডিটিভি
এমটিআই
