বিজ্ঞাপন

আবারও বলল ভারত

তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর-ব্রিকস সম্মেলন দুটো আমন্ত্রণই জানানো হয়েছে

তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর-ব্রিকস সম্মেলন দুটো আমন্ত্রণই জানানো হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত। চলতি সপ্তাহের মাঝামাঝিতে একই রকম তথ্য দিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উত্তরে তিনি আবারও জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, “আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের একটি আমন্ত্রণ পাঠিয়েছি। একইসঙ্গে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতেও আমন্ত্রণ জানিয়েছি। এ ব্যাপারে যদি কোনো (নতুন) তথ্য আমাদের কাছে আসে তাহলে আমরা আপনাদের জানাব।”

আগামী সেপ্টেম্বরে ভারতে হবে ব্রিকস সম্মেলন। বর্তমানে গ্রুপটির চেয়ারম্যান হলো ভারত। ব্রিকসের ১৮তম সম্মেলনটি হবে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এর বাইরে হবে আউটরিচ সেশন। যেখানে গ্রুপটির সদস্য নয় এমন দেশের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।

এদিকে, আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভারতে যাবেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো এটি নিশ্চিত করা হয়নি।

তার এ সফরটি দু’দিনের হবে উল্লেখ করে এনডিটিভি বলেছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশেই তারেক রহমানের সফর নিয়ে কাজ চলছে। যদি শেষ পর্যন্ত তিনি ভারতে যান তাহলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নয়াদিল্লি সফর হবে। একই সঙ্গে সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মূহূর্ত হিসেবে প্রমাণিত হবে।

এনডিটিভি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী যদি তারেক রহমান ও নরেন্দ্র মোদির বৈঠক হয় তাহলে তারা বাণিজ্য, দুই দেশের সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন।

এমটিআই

বিজ্ঞাপন