ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে তেহরানে নিযুক্ত ফ্রান্সের দুই কূটনীতিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই দুই কূটনীতিককে গ্রেপ্তারের পর ফরাসি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তরের তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিচালিত এক তদন্ত চলাকালীন ‘অনাকাঙ্ক্ষিত বিদেশি হস্তক্ষেপের’ অভিযোগে দুই ফরাসি কূটনীতিককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ফরাসি রাষ্ট্রদূতের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
‘‘বিদেশি প্রভাব ও হস্তক্ষেপের বিষয়ে তদন্তের অংশ হিসেবে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে আদালতের আদেশ কার্যকর করেছে ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা।’’
বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয় তাদের। পরে কূটনৈতিক পুলিশের পাহারায় ওই দুই কূটনীতিককে ইরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের জিম্মায় দেওয়া হয়।
মন্ত্রণালয় বলেছে, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে জব্দ করা কাগজপত্র ও অন্যান্য উপকরণ পরীক্ষা করে ইরানের স্বাধীনতাকে লক্ষবস্তু বানিয়ে পরিস্থিতি তৈরি, বিদেশি হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে গঠিত বিশাল এক প্রকল্পের প্রমাণ পাওয়া গেছে।
জব্দ করা কিছু নথিপত্রে তেহরানে নিযুক্ত ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূতের স্বাক্ষর পাওয়া গেছে বলেও দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, কূটনৈতিক মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের অবৈধ এবং হস্তক্ষেপমূলক কার্যকলাপে জড়ানোর কোনো সুযোগ দেবে না ইরান।
একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাশাপাশি কূটনীতিকদের এই হস্তক্ষেপের জন্য ফরাসি সরকারকে দায়ী করেছে ইরান।
দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় তদন্ত এখনও চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে। তবে ইরানের এই দাবির বিষয়ে প্যারিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: এএফপি।
এসএস
