যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতাগ্রহণ করে তালেবান। আজ শনিবার ছিল তাদের ক্ষমতাগ্রহণের পাঁচ বছর।
এ উপলক্ষ্যে রাজধানী কাবুলে একটি আলোচনার আয়োজন করে তালেবান সরকার। এতে তারা জানিয়েছে, বিশ্বের সব দেশের সঙ্গে তারা শান্তি ও স্থিতিশীলতা নিয়ে থাকতে চায়। এছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানানো হয়।
দেশটির ইসলামিক সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে উপ মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত বলেছেন, “আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গেই শান্তিতে ও স্থিতিশীলভাবে বসবাস করতে চায়। আফগান মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না; একইভাবে অন্য দেশগুলোও যেন আফগানিস্তানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে না জড়ায় এবং আমাদের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও স্বার্থকে সম্মান করে—সেই আহ্বান জানানো হচ্ছে।”
কাবুলের অনুষ্ঠানে সরকারের প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি বলেন, “আমরা অসংবেদনশীল মনোভাব বা একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় পক্ষের জন্য লাভজনক এমন সম্পর্কের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চাই।”
অপরদিকে আফগানিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, যেসব বিষয় নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের বিবাদ রয়েছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানক অগ্রাধিকার দেন তারা।
সূত্র: তোলো নিউজ
এমটিআই
