ভারতের রায়পুরের এআইআইএম হাসপাতালের সামনে নিজের প্রেমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছেন তার প্রেমিকা। গত বুধবার এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে আজ শনিবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। আর দ্বন্দ্বের জেরেই হত্যার শিকার হয়েছেন প্রেমিক পরমপ্রীত সিং।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরমপ্রীতের প্রেমিকা ঘটনাস্থলে একটি গাড়ি নিয়ে আসেন। এ সময় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে তার প্রেমিকা গাড়িতে ওঠে তার গাড়ি টান দেন। তাকে থামাতে তখন পরমপ্রীত গাড়ির ছাদে ওঠে পড়েন। কিন্তু গাড়ি না থামিয়ে তিনি তা চালাতে থাকেন। একপর্যায়ে পরমপ্রীত পড়ে যান। তা সত্ত্বেও না থেমে পরমপ্রীতের ওপর গাড়ি তুলে দেন তার প্রেমিকা। এরপর তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম ভারত মাংনানি। তাদের দুজনের মধ্যে কয়েকদিন ধরেই দ্বন্দ্ব চলছিল।
পুলিশ এই তরুণীর বিরুদ্ধে এখন হত্যা মামলা দায়ের করেছে এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ঘটনাস্থলে সেদিন কী হয়েছিল সেটি খুঁজে বের করতে পুলিশ সিসিটিভির ফুটেজ পরীক্ষা করছে।
সূত্র: এনডিটিভি
এমটিআই
