বিজ্ঞাপন

বেসরকারি বিমান সংস্থাগুলোকে যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের নির্দেশ সৌদির

বেসরকারি বিমান সংস্থাগুলোকে যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের নির্দেশ সৌদির

বেসরকারি বিমান পরিষেবা সংস্থাগুলোকে সৌদি আরবে প্রবেশ কিংবা ছেড়ে যেতে ইচ্ছুক যাত্রীদের ভ্রমণ নথি যাচাই করার নির্দেশ দিয়েছে করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশেন (গাকা)।

গত কাল রোববার একটি বিজ্ঞপ্তি জারি করেছে গাকা। সেখানে বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের প্রতিটি বেসরকারি বিমান সংস্থাকে তাদের উড়োজাহাজের যাত্রীদের ভ্রমণ বিষয়ক তথ্য সংগ্রহ ও যাচাই করতে হবে। সৌদি আরবে প্রবেশ বা ত্যাগে ইচ্ছুক এবং সব ধরনের ট্রানজিট ফ্লাইটের যাত্রীর ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে।

সংগ্রহ ও যাচাই শেষে বিমান সংস্থাগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাপ্তরিক চ্যানেল অথবা সেই কর্তৃপক্ষের অনুমোদিত প্রতিষ্ঠানে যাত্রীদের ভ্রমণ নথি সরবরাহ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে গাকা। সেই সঙ্গে, যাত্রীরা যেন নিজেদের ভ্রমণ বিষয়ক নথি সঙ্গে রাখার ব্যাপারে আগে থেকেই সচেতন থাকতে পারে, সেজন্য বেসরকারি বিমান পরিষেবা সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশও প্রদান করা হয়েছে।

ঠিক কী কারণে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নির্দেশ দিলো, তা এখন অস্পষ্ট।

সূত্র : গালফ নিউজ

এসএমডব্লিউ