ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ সেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানকে বিশেষ ওই সম্মানসূচক পদবী দেওয়া হয়। নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে রয়েছেন জেনারেল সেঠ।
ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাপ্রধানকে এই সম্মাননা প্রদানের বিষয়টি ১৯৫০ সাল থেকে চলে আসা এক ঐতিহাসিক ঐতিহ্যের ধারাবাহিকতা; যার আওতায় নেপাল ও ভারত পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদায় ভূষিত করে আসছে।
সফরকালে জেনারেল সেঠ নেপালি সেনাপ্রধান জেনারেল সিগদেলের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।
প্রেসিডেন্ট পাউডেলের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রাসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার নেপালে পৌঁছান জেনারেল সেঠ।
নেপালে নিযুক্ত ভারতীয় দূতাবাস বলেছে, ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক বিশ্বাস ও সুদৃঢ় সামরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অনন্য ও কালজয়ী প্রতিরক্ষা সম্পর্ককেই পুনর্নির্মাণ করছে। জেনারেল সেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন; সেখানে তারা নয়াদিল্লি ও কাঠমান্ডুর সামগ্রিক সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
একই দিনে জেনারেল সেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন। নেপাল সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি সেনাসদর দপ্তর প্রাঙ্গণে একটি চারা রোপণ এবং তাকে দেওয়া গার্ড অব অনার পরিদর্শন করেন। নেপাল সেনাবাহিনী বলেছে, জেনারেল সেঠের এই সফর নেপাল ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
সম্মানসূচক পদমর্যাদা প্রদান অনুষ্ঠান, সামরিক আলোচনা, কূটনৈতিক যোগাযোগ ও সামরিক সরঞ্জাম হস্তান্তরসহ এই সফর ভারত ও নেপালের চলমান প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বকেই ফুটিয়ে তুলছে।
সূত্র: ইন্ডিয়া টুডে।
এসএস
