বিজ্ঞাপন

লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হামলা

লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হামলা

লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক যুদ্ধজাহাজ ও সেটির নিরাপত্তায় থাকা চারটি নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ওই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেছেন, লোহিত সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের একটি সামরিক জাহাজে হামলা চালানো হয়েছে। সৌদির জাহাজ লক্ষ্য করে চালানো এসব হামলা নিখুঁতভাবে এবং সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

হুথির সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের ফলে সৌদির যুদ্ধজাহাজটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে জাহাজটির নিরাপত্তায় থাকা কয়েকটি নৌকা ডুবে গেছে এবং বাকিগুলোতেও আগুন ধরে গেছে।

‘‘সশস্ত্র বাহিনী অবরোধের জবাবে অবরোধের সমীকরণ বজায় রাখা এবং সৌদি সামরিক বাহিনীর সব ধরনের সমাবেশ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।’’

ইয়াহিয়া সারি বলেছেন, বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মোখা উপকূলের কাছে লোহিত সাগরে সৌদি শত্রুপক্ষের সেনাবহরে ব্যবহৃত একটি সামরিক যুদ্ধজাহাজ এবং সেটির নিরাপত্তায় থাকা চারটি টহল নৌযানে সফলভাবে হামলা চালানো হয়েছে।

তবে এই হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এএফপি।

এসএস