ভারতের স্বাধীনতা দিবসের আগে সম্ভাব্য ‘ধ্বংসাত্মক হামলা’ নস্যাৎ করে দিয়ে পাকিস্তান-সমর্থিত ২০০ জনের বেশি মিলিশিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা দেশটির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই মিলিশিয়াদের গ্রেপ্তার করেছে।
সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের স্বাধীনতা দিবসের আগে গত কয়েক বছরের মধ্যে অন্যতম বৃহৎ এই ধরপাকড় অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার ৮০তম বর্ষ উদযাপনের তিন দিন আগে গত ১২ আগস্ট ভারতের ১৪টি রাজ্যে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অমিত শাহ বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) মদদপুষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এই বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে রয়টার্স। ভারতে বিভিন্ন হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে পাকিস্তান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, স্বাধীনতা দিবসের আগেই মোদি সরকার আইএসআই-সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক নামের সন্ত্রাসী গোষ্ঠীকে গুঁড়িয়ে দিয়েছে। ২০০ জনের বেশি সদস্যকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের সব ধ্বংসাত্মক পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিযান চলাকালে পিস্তল, তাজা গুলি, পাকিস্তানের সামরিক কারখানার সিলমোহরযুক্ত গ্রেনেড এবং বোমাসদৃশ তাজা বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান—উভয়েই দীর্ঘদিন ধরে পরস্পরের বিরুদ্ধে নিজ নিজ দেশে সন্ত্রাসবাদে ইন্ধন জোগানোর অভিযোগ তুলে আসছে।
গত বছর ভারত অধিকৃত কাশ্মিরের একটি পর্যটনকেন্দ্রে ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানি হামলাকারীদের দায়ী করে নয়াদিল্লি। এরপর চার দিনের এক সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছিল এই দুই পরমাণু পরাশক্তি।
সূত্র : রয়টার্স।
এসএস
