ভারতের রাজস্থানে বিলওয়ারা জেলায় দলিত সম্প্রদায়ের দুই ব্যক্তিকে চেয়ার থেকে উঠিয়ে নিচে বসতে বাধ্য করা হয়েছে। গত ১৫ আগস্ট সেখানকার একটি স্কুলে এ ঘটনা ঘটে। এদিন সেখানে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হচ্ছিল।
দলিত সম্প্রদায়ের ওই দুই ব্যক্তি অভিযোগ করেছেন, তাদের লক্ষ্য করে সাম্প্রদায়িক কথা ও গালাগালও করা হয়।
তারা এ ব্যাপারে থানায় অভিযোগ জানালে সত্যতা পেয়ে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অভিযোগকারীরা হলেন রামেশ্বরলাল বৈরওয়া এবং গোপীলাল বৈরওয়া। তারা পুলিশকে বলেছেন, স্কুলে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে গ্রামের অন্যান্যদের সঙ্গে চেয়ারে বসেছিলেন। এ সময় পাঁচজন ব্যক্তি এসে চেয়ারে বসার কারণে তাদের গালাগাল করে।
তারা অভিযোগ করে বলেছেন, ওই পাঁচজন তাদের বলে তারা কীভাবে চেয়ারে বসল। যেহেতু তারা তাদের চেয়ে নিচু সম্প্রদায়ের মানুষ তাই তারা চেয়ারে বসতে পারবে না।
দলিত সম্প্রদায়ের এ দুজন বলেছেন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্যদের সামনে তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। এতে করে তারা মানসিকভাবে অপমানিত হয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
এমটিআই
