বিজ্ঞাপন

সৌদির তেলবাহী ৮ জাহাজে হামলার দাবি ইয়েমেনের বিদ্রোহীদের

সৌদির তেলবাহী ৮ জাহাজে হামলার দাবি ইয়েমেনের বিদ্রোহীদের

জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের তেলবাহী ৮টি ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৯ আগস্ট) বিদ্রোহীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সাবা নিউজ।

জুলাইয়ের শেষ দিকে লোহিত সাগরের বাব এল মান্দেবে সৌদির পণ্যবাহী জাহাজে অবরোধ আরোপের ঘোষণা দেয় ইরান সমর্থিত হুতি বাহিনী।

বার্তাসংস্থা সাবা হুতিদের একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, “গত ২০ জুলাই থেকে আমরা সৌদির ৮টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছি। এরমধ্যে ৫টি লোহিত সাগরে। আর ৩টি এডেন ও আরব সাগরে। এছাড়া সৌদির ৫০টির বেশি জাহাজকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলে বাধা দেওয়া হয়েছে। এসব জাহাজকে তাদের গতিপথ বদলেও বাধ্য করা হয়েছে।”

এছাড়া মোখা বন্দরে দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবিও করেছে হুতিরা। তারা বলেছে, এসব জাহাজে সৌদি থেকে আসা অস্ত্র ছিল। এরসঙ্গে সৌদি আরবের ১০টি যুদ্ধজাহাজকেও টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে হুতিরা। কিন্তু তারা এসব দাবির পক্ষে কোনো প্রমান দেয়নি।

লোহিত সাগরের বাব এল মান্দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। ইরান যখন হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তখন সৌদি বাব এল মান্দেব দিয়ে তাদের তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছিল। এছাড়া অন্যান্য দেশের জাহাজও এখান দিয়ে চলে।

লোহিত সাগরের অপরপ্রান্তে আছে মিসরের বিখ্যাত সুয়েজ খাল। হুতিরা অবরোধ আরোপের পর সৌদির জাহাজগুলো এখন সুয়েজ খাল দিয়ে চলাচল করছে।

সূত্র: সিএনএন

এমটিআই