বিজ্ঞাপন

জানাল দক্ষিণ কোরিয়া

ট্রাম্পের ধারণার চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র আছে উত্তর কোরিয়ার

ট্রাম্পের ধারণার চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র আছে উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার কাছে ৫৭টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র আছে বলে গতকাল জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ধারণার চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র আছে উত্তর কোরিয়ার।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অ্যান গায়ু-বেক আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের কাছে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড আছে। তবে উত্তর কোরিয়ার কাছে ঠিক কতগুলো অস্ত্র আছে তার প্রকৃত সংখ্যা নিজেও জানেন না বলে জানান অ্যান গায়ু-বেক।

তিনি পার্লামেন্টের কমিটিকে এ ব্যাপারে বলেছেন, “আমরা সাধারণত দেখি সংখ্যাটি ৮০ থেকে ১২০। তবে প্রকৃত সংখ্যা কত সেটি ধারণা করার সুযোগ খুবই সীমিত।”

পরবর্তীতে তিনি জানান, বেসরকারি গবেষণা সংস্থাগুলোর বরাতে তিনি এ সংখ্যাটি জানিয়েছেন। মন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনীর কাছেও এই সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট তথ্য নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ার কাছে ৫৭টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র আছে— সাংবাদিকরা এটি উল্লেখ করে প্রশ্ন করলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এই সংখ্যাটি কোনোভাবে আলাদা মনে হচ্ছে।”

গতকাল বুধবার হোয়াইট হাউজে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সম্পর্কে ও তার সঙ্গে দেখা দেখা করার ব্যাপারে কথা বলেন। এ সময় জানান উত্তর কোরিয়ার কাছে ৫৭টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র আছে।

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিয়ংইয়ংয়ের কাছে ৮০ থেকে ১২০টি অস্ত্র থাকার কথা বলার পর সাংবাদিকরা জিজ্ঞেস করেন— তাহলে এখন থেকে উত্তর কোরিয়াকে পারমাণবিক দেশ হিসেবে স্বীকৃতি দেবেন কি না তারা। জবাবে তিনি বলেন, “আনুষ্ঠানিকভাবে আমি তাদের এ স্বীকৃতি দিতে পারব না।”

সূত্র: রয়টার্স

এমটিআই