সিরিয়ার ইদলিবের আল-জুহুর বিমানঘাঁটিতে দুদিন আগে হামলা চালায় দখলদার ইসরায়েল। তুরস্ক সেখানে নিজেদের সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে এমন অজুহাত দেখিয়ে ওই ঘাঁটিতে বিমান থেকে বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। আর এ নিয়ে ক্ষুব্ধ হয়েছে সিরিয়ার পুরোনো মিত্র রাশিয়া। দেশটি ইসরায়েলকে দেওয়া বার্তায় বলেছে, এমন ‘অবিরাম’ যুদ্ধ তাদের ক্ষতি বয়ে আনবে।
রাশিয়ার আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার লেফটেনেন্ট জেনারেল আপ্তি আলাউদিনোভ বলেছেন, ইসরায়েলের যে সামরিক শক্তি সামর্থ আছে, তারা যদি নিজেদের এরচেয়ে বেশি শক্তিশালী মনে করে তাহলে এক সময় তারা বিলীন হয়ে যাবে।
বার্তাসংস্থা তাস নিউজকে এই সেনা কমান্ডার বলেছেন, ইসরায়েল চাইছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন বিস্তৃত হয় এবং ন্যাটো জোটভুক্ত দেশগুলো এতে যুক্ত হয়। তিনি বলেন, “আমাদের বুঝতে হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু তীব্র হবে। আমি বিশ্বাস করি ইসরায়েলের লক্ষ্য ঠিক এটিই। তারা যতটা সম্ভব যুদ্ধ বিস্তৃত এবং এতে ন্যাটোকে যুক্ত করতে চায়।”
নিজেদের বেশি শক্তিশালী ভাবলে ইসরায়েল বিলীন হয়ে যাবে উল্লেখ করে লেফটেনেন্ট জেনারেল আপ্তি আলাউদিনোভ বলেছেন, “পরিশেষে, ইসরায়েল শক্তিসামর্থ্যের চেয়ে নিজেদের বেশি শক্তিশালী ভাববে এবং একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে ব্যর্থ হবে।”
ইসরায়েল দাবি করেছিল তুরস্ক সিরিয়ার আবু-জুহুর বিমানঘাঁটিতে তাদের সেনা আনছে। তবে তুরস্ক এটি প্রত্যাখ্যান করে। এমনকি যুক্তরাষ্ট্রও দখলদারদের এই দাবি প্রত্যাখ্যান করে দেয়।
সূত্র: তাস নিউজ
এমটিআই
