ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে এসেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও এটির সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করছে আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি রণতরী। তবে এতদিন ধরে সমুদ্রে থাকায় এটির নাবিক ও ক্রুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এতে করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমন পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কনের জায়গায় ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউএসএস জর্জ ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম এক বিবৃতিতে এ নিয়ে বলেছে, “গতকাল মার্কিন সেন্টকম অঞ্চলে পৌঁছানোর পর পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে 'জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ'।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের হামলায় ওইদিনই প্রাণ হারান ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর ইরানের বিরুদ্ধে টানা ৪০ দিন যুদ্ধ করে তারা। বর্তমানে মার্কিনি ও ইরানিদের মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতির চুক্তি না থাকলেও হামলা-পাল্টা হামলা বন্ধ আছে।
তবে যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
সূত্র: এএফপি
এমটিআই
