যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উত্তেজনাপূর্ণ বাগবিতণ্ডার মুহূর্তের ভিডিও ঘিরে নতুন করে জল্পনা-কল্পনার তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, মার্কিন এই দম্পতি ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস অনুষ্ঠানের এক নম্বর ভিআইপি বক্সে পাশাপাশি বসে ছিলেন। মেলানিয়ার দিকে ঝুঁকে ট্রাম্পকে কিছু বলতে দেখা যায়। ওই সময় মেলানিয়াকে বেশ গম্ভীর ও কিছুটা আনমনা দেখায় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আসন ছেড়ে অন্যদিকে চলে যান।
ছোট এই ভিডিও ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওতে স্পষ্ট অডিও না থাকায় অনেকে আবার ঠোঁটের নড়াচড়া পড়ে ট্রাম্প-মেলানিয়ার কথোপকথন বোঝার চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘এখানে কোনো লিপ-রিডার আছেন, যিনি বলতে পারবেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের মধ্যে ঠিক কী কথা হচ্ছিল?’’
অন্য অনেকে তাদের শারীরিক ভাবভঙ্গি দেখে দাম্পত্য সম্পর্কের ভেতরের টানাপোড়েন রয়েছে বলে মন্তব্য করেছেন। যদিও ওই কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার সুযোগ নেই, তাদের মাঝে কোনো বিষয়ে বাগবিতণ্ডা কিংবা ঝগড়া হচ্ছিল কি না।
অনলাইনের এই জল্পনা-কল্পনা গিয়ে ঠেকেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সহকারী ন্যাটালি হার্পকে ঘিরে চলা সাম্প্রতিক গুঞ্জনের সঙ্গে। ট্রাম্পের একদম ঘনিষ্ঠ সার্কেলে কাজ করা এবং সারাক্ষণ তার সঙ্গে উপস্থিত থাকায় ন্যাটালি হার্প সম্প্রতি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন।
ট্রাম্প ও মেলানিয়ার এই দূরত্বের পেছনে কিছু ব্যবহারকারী অনলাইনেই ন্যাটালির নাম জড়িয়ে দিচ্ছেন। তবে এসব দাবির সপক্ষে কোনো জোরালো সত্যতা পাওয়া যায়নি। যদিও এর আগে ট্রাম্পকে লেখা ন্যাটালির একটি ব্যক্তিগত চিঠি ও তার ঘনিষ্ঠ মেলামেশা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল।
— Lucas Sanders (@LucasSa56947288) August 23, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, মনে হচ্ছে আজ ফ্রিডম ২৫০ ইভেন্টে কোনো একটি বিষয় নিয়ে ট্রাম্প ও মেলানিয়া তর্ক করছিলেন। আমার ধারণা বিষয়টির পেছনে ন্যাটালি হার্প আছেন। আরেকজন লিখেছেন, বক্সে ন্যাটালি হার্পকে দেখা যাওয়ার পরপরই মেলানিয়া সেখান থেকে উঠে চলে যান।
বেশ কিছুদিন ধরে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জনসমক্ষে মেলানিয়াকে খুব কমই দেখা যাচ্ছে। মেলানিয়াকে জনসম্মুখে কম দেখা যাওয়া নিয়ে আলোচনার মাঝে গ্র্যান্ড প্রিকসের ওই ভিডিও সামনে এলো।
সূত্র: এনডিটিভি।
এসএস
