বিজ্ঞাপন

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নয়াদিল্লি, লাল সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নয়াদিল্লি, লাল সতর্কতা জারি

সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবারও নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

সোমবারের বৃষ্টি শুরু হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে নয়াদিল্লির বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় প্রবল যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, সকাল থেকেই রাজধানীর বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। কয়েকটি জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে মধ্য দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, শাহদরা, দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি এবং পশ্চিম দিল্লিতে।

আবহাওয়া দপ্তরের কর্মকর্তা শশী কান্ত জানিয়েছেন, সম্প্রতি শুষ্ক উত্তুরে বাতাস উত্তর দিক থেকে নয়াদিল্লিতে প্রবেশ করছে; অন্য দিকে, পশ্চিমবঙ্গে  এক নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দিল্লিতে প্রবেশ করছে। এই দু’ধরনের বাতাস প্রবেশ করার কারণে রাজধানী এবং সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হওয়া।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দিল্লি এবং এনসিআরের বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। লেনী দেহাত, হিন্ডন বায়ুসেনাঘাঁটি, ইন্দিরাপুরম, নয়়়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ, মানেসর, যমুনানগর, পানীপত, গন্নৌরস, সোনিপত, রোহতক, ঝজ্জর, ফরুখনগর, সোহনা, খরখৌদা, খেকড়া, বড়ৌত-সহ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

রাজধানী এবং সংলগ্ন অঞ্চলের বহু এলাকা জলমগ্ন হওয়ার কারণে যান চলচাল ব্যাহত হয়েছে। মঙ্গলবারেও ছবিটা একই রকম। বিমান পরিষেবা সকাল থেকে খুব একটা ব্যাহত না হলেও ফ্লাইটরেডার২৪-এর তথ্য বলছে, সোমবার থেকে ১৮টি বিমান বাতিল করা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এ ছাড়াও ১৬৬টি বিমান ওঠানামায় দেরি হয়েছে।

সোমবারের বৃষ্টিতে রাজধানীর রামমনোহর লোহিয়া হাসপাতাল, এমস-সংলগ্ন এলাকা, অশোক রোড, সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এ ছাড়াও বাবা খড়গ সিংহ মার্গ, কনট প্লেস আউটার সার্কল, পার্লামেন্ট স্ট্রিট, আইটিও, এরকে পুরম, ফিরোজশাহ রোড জলমগ্ন হয়ে পড়ে।

অন্য দিকে, উত্তরপ্রদেশের নয়ডা, হরিয়ানার গুরুগ্রামে বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দুই জায়গায় বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার কর্মীদের। স্কুল, কলেজও অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি

এসএমডব্লিউ

বিজ্ঞাপন