বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের আশঙ্কা কমায় হ্রাস পেয়েছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের আশঙ্কা কমায় হ্রাস পেয়েছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা কমে আসায় তেলের দাম আরও কমেছে। এদিকে এশিয়ার শেয়ারবাজারে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ (২৬ আগস্ট) বুধবার অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলারের নিচে নেমে এসেছে। এর ফলে পুঁজিবাজারে চাপ কিছুটা কমেছে।

চলতি সপ্তাহে অপরিশোধিত তেলের প্রধান দুই ধরনের দামই ৮ শতাংশের বেশি কমেছে। ইরান ও ওমান হরমুজ প্রণালী আংশিকভাবে পুনরায় চালুর বিষয়ে একটি সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে এমন খবরের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত বাজারে আশাবাদ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের ঋণ নেওয়ার ব্যয় কমে আসা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা স্বস্তি এনেছে শেয়ারবাজারেও।বুধবার টোকিও, হংকং, সাংহাই, সিডনি, সিউল, ওয়েলিংটন ও তাইপের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। তবে সিঙ্গাপুর ও ম্যানিলার বাজারে দরপতন হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরান ও দেশটির বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে হোয়াইট হাউসের পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে ঘোষণা করলেও বাজারে ধারণা করা হচ্ছে, এসব পদক্ষেপ আশঙ্কার তুলনায় তুলনামূলকভাবে কম কঠোর। এদিকে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীরা সোমবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন।

সূত্র : এএফপি, রয়টার্স

এসএমডব্লিউ