ভয়াবহ আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা (ডিজাস্টার অ্যাসিসটেন্স রেসপন্স অ্যাডভাইসর) এবং ৫ লাখ ডলার আর্থিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেস-এর মাধ্যমে সহায়তা হিসেবে ৫ লাখ অর্থ প্রদান করা হবে। নেপালের বন্যা দুর্গতদের জরুরি আশ্রয়, খাদ্য-ওষুধ, পানি, ত্রাণসামগ্রী, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি খাতে ব্যয় করা হবে এই অর্থ।
সেনাবাহিনী, পুলিশ এবং নেপালের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনাকারী বাহিনীকে পরামর্শ ও নির্দেশনা দিতে একজন উপদেষ্টাও পাঠাচ্ছে ওয়াশিংটন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উপদেষ্টার নাম উল্লেখ করা হয়নি।
গত কাল বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বান দেখা দেখা দেয়। রাসুয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ভোটেকোশির অস্বাভাবিক পানি বৃদ্ধিই এ বন্যার কারণ।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার ফলে রাসুয়ার বিভিন্ন এলাকায় সৃষ্ট কাদা ও পাথরের স্তূপ থেকে এ পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৫৭৯ জন।
নিখোঁজদের অধিকাংশই পর্যটক। নেপাল পুলিশের তথ্য অনুসারে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১০০ জনের বেশি ভারতীয়, ৫৪ জন যুক্তরাষ্ট্রের, ৩৩ জন যুক্তরাজ্যের এবং ১০০ জনের বেশি নেপালি নাগরিক রয়েছেন। তাছাড়া নিখোঁজের তালিকায় আছেন কয়েক ডজন পুলিশ কর্মকর্তা, সেনাসদস্য এবং বিদ্যুৎকর্মীও।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তা এবং নিখোঁজ মার্কিন নাগকিদের অনুসন্ধানে নেপালের সরকারকে সহায়তা করতে কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
সূত্র : সিএনএন
এসএমডব্লিউ
