ভারতের উত্তরপ্রদেশে গন্ধক নদী থেকে উদ্ধার করা হয়েছে তিনটি মরদেহ। এগুলো নেপাল থেকে ভাসতে ভাসতে সেখানে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, পানির তীব্র স্রোত মরদেহগুলো ভাসিয়ে উত্তরপ্রদেশের গন্ধক নদীতে নিয়ে গেছে। মরদেহগুলো কাদামাখা ছিল।
এরমধ্যে দুটি মরদেহ নারীর আর আরেকটি পুরুষের বলে জানিয়েছেন রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা বাহিনীর কনস্টেবল ব্রিজমোহন।
রয়টার্স জানিয়েছে, নেপালের ওই আকস্মিক বন্যার পর গন্ধক নদীর পানিও বেড়ে যায়।
গতকালের ভয়াবহ ওই প্রাকৃতিক বিপর্যয়ের পর নেপালে এখন পর্যন্ত প্রায় ৩৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে ১ হাজার ৩০০ মানুষ এখনো নিখোঁজ আছেন।
গতকাল সকালে হঠাৎ করে রাসুয়ার দিকে ধেয়ে আসে আকস্মিক ঢল। এ সময় সেখানে ত্রিশূলি এবং নারায়নি নদীর পানি বেড়ে যায়। আর ভোটকোশি নদীর পানি ফুলেফেঁপে ওঠে। পাহাড়ের ওপর থেকে নেমে আসা পানিতে যুক্ত হয় ভূমিধসের কাদামাটি, পাথর।
এই বানের শক্তি এতই বেশি ছিল যে এটি তার পথে থাকা সবধরনের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ঘরবাড়ি, সেতু, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি- সব ভাসিয়ে নিয়ে গেছে এটি।
নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন মানুষ নিখোঁজ আছেন। গতকাল চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল।
সূত্র: রয়টার্স
এমটিআই
