নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৩৭০ জন মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৬০০ বিদেশি পর্যটকসহ এখনো ১ হাজারের ৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ আছেন। এমন অবস্থায় বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলো উদ্ধারকারী পাঠাতে নেপালকে প্রস্তাব দিয়েছিল। তবে এসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটি। উদ্ধারকারীর বদলে বিদেশিদের কাছে নগদ অর্থ সহায়তা চায় নেপাল সরকার।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তীতে সংস্কার কাজ চালানোর জন্যও অর্থ চাওয়া হবে।
কিছু দেশ ইতিমধ্যে নেপালকে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে।
এদিকে বিদেশি উদ্ধারকারী দলের সহায়তা প্রত্যাখ্যান করা হচ্ছে মূলত পূর্বের বাজে অভিজ্ঞতার কারণে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ২০১৫ সালের ভূমিকম্পের পর অনেক দেশের উদ্ধারকারীদের আসতে দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে বিভিন্ন ইস্যু তৈরি হয়েছিল। এ কারণে এবার সেনাবাহিনী ও পুলিশের পরামর্শে বিদেশী উদ্ধারকারীদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।
এ কর্মকর্তা জানিয়েছেন, তাদের নিজস্ব বাহিনীরই এ ধরনের বিপর্যয় সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে। এখন শুধুমাত্র তাদের অর্থ সহায়তা প্রয়োজন।
তিনি বলেছেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ উদ্ধারকারী পাঠানোর প্রস্তাব দিয়েছে।
ভয়াবহ এ আকস্মিক বন্যায় বিভিন্ন দেশের পর্যটকরা রয়েছেন। এরমধ্যে ভারতের সবচেয়ে বেশি। ভারত নিজেদের নাগরিকদের উদ্ধারের জন্য সরাসরি উদ্ধার অভিযানে যুক্ত হতে চাইলেও তাদের অনুমতি দেয়নি নেপাল সরকার।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
এমটিআই
