নিজেদের তৈরি নতুন আন্তঃমহাদেশীয় (আইসিবিএম) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। গত কাল শুক্রবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলী প্রদেশ আরখাঙেলস্কের প্লেসেতস্ক কমমোড্রম (মহাকাশ গবেষণা কেন্দ্র) থেকে উৎক্ষেপণ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি।
উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের কুরা টেস্ট সাইটে গিয়ে পৌঁছায়। অর্থাৎ, নতুন এই আইসিবিএম ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৬ হাজার ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তাছাড়া এটি কঠিন জ্বালানি (সলিড ফুয়েল) চালিত ক্ষেপণাস্ত্র। নভোযানে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়।
তবে নতুন এই আইসিবিএম ক্ষেপণাস্ত্রের চমকপ্রদ বৈশিষ্ট্য এটির পাল্লা বা কঠিন জ্বালানি নয়, বরং উৎক্ষেপণনের সঙ্গে সম্পর্কিত। গতানুগতিক আইসিবিএম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য স্থায়ী লাঞ্চিং প্যাড প্রয়োজন হয়, কিন্তু রাশিয়ার এই নতুন আইসিবিএম মোবাইল লাঞ্চার থেকেও উৎক্ষেপণ করা যায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে বনাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির কৌশলগত, কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করাই ছিল এই পরীক্ষার উদ্দেশ্য।
মন্ত্রণালয়ের দাবি, পরীক্ষার সব নির্ধারিত লক্ষ্য সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি ‘নিখুঁত গতিপথ’ বজায় রেখেছে।
নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম জানায়নি রাশিয়া। তবে এর আগে মে মাসে সর্বশেষ যে আইসিবিএম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল রাশিয়া, সেটির নাম ছিল আরএস-২৪ ইয়ার্স।
সূত্র : মস্কো টাইমস
এসএমডব্লিউ
