বিজ্ঞাপন

সৌদি-তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তি নিয়ে উদ্বিগ্ন? যা বলল আফগানিস্তান

সৌদি-তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তি নিয়ে উদ্বিগ্ন? যা বলল আফগানিস্তান

সৌদি আরবের পবিত্র শহর মক্কায় গত ৭ আগস্ট মক্কা চুক্তি স্বাক্ষর হয়। এতে সৌদির সঙ্গে সামরিক চুক্তি করে তুরস্ক ও পাকিস্তান। চুক্তিতে বলা আছে এ তিন দেশের ওপর কোনো সশস্ত্র হামলা হলে এটি সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তির অন্যতম স্বাক্ষরকারী পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রায়ই দ্বন্দ্ব লাগে। দেশ দুটি কয়েক মাস আগেও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। যেহেতু পাকিস্তানের সঙ্গে আফগানদের দ্বন্দ্ব আছে, সে বিষয়টিকে ইঙ্গিত করে ভারতীয় সাংবাদিক তাকে প্রশ্ন করেন মক্কা চুক্তি নিয়ে তারা উদ্বিগ্ন কি না। জবাবে মুজাহিদ জানান, তারা উদ্বিগ্ন নয়। কারণ এ তিন দেশের কারও সঙ্গে তাদের শত্রুতাপূর্ণ সম্পর্ক নেই। এছাড়া এমন চুক্তি দেশগুলো নিজস্ব স্বার্থে হয় এবং মক্কা চুক্তি ইসলামিক বিশ্বের জন্য ভালো হবে।

তিনি বলেন, “এ চুক্তি আমাদের উদ্বিগ্ন করে না কারণ এসব দেশ তাদের নিজস্ব স্বার্থের ওপর ভিত্তি করে এমন চুক্তি করে। সৌদি আরবের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তুরস্ক ও পাকিস্তানও গুরুত্বপূর্ণ ইসলামিক দেশ। যদি এসব দেশ কোনো কিছু নিয়ে চুক্তি করে তাহলে আমরা এটিকে ইসলামিক বিশ্বের মধ্যে সহযোগিতামূলক বিষয় হিসেবে দেখি। এটি ইসলামিক বিশ্বের জন্য উপকারী।”

তিনি আরও বলেন, “এ চুক্তি আমাদের জন্য হুমকি নয় কারণ এই তিন দেশের কারও সঙ্গে আমাদের শত্রুতাপূর্ণ সম্পর্ক নেই। আমি আগেও বলেছি, সম্প্রতি যে আগ্রাসন (আমাদের বিরুদ্ধে) হয়েছে, সেটি শুরু করেছিল পাকিস্তান। কিন্তু আমরা এটিকে একটি স্থানীয় ইস্যু হিসেবে ধরি। আমরা পাকিস্তানের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলতে চাই। এ তিন দেশের কেউ আমাদের শত্রু নয়।”

সূত্র: তোলো নিউজ

এমটিআই