সত্যিকারের শত্রু কে তা শনাক্তের জন্য মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি। রোববার (৩০ আগস্ট) এক বার্তায় তিনি বলেন, শত্রুদের শনাক্ত করে তাদের আপনাদের প্রতিহত করতে হবে।
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মোজতবা খামেনি ‘ইসলামিক ঐক্য সপ্তাহ’ আয়োজনে দেওয়া বার্তায় এ আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোকে তাদের শত্রুকে খুঁজে বের করতে বলেছেন।
তিনি বার্তায় বলেছেন, “ইসলামিক দেশগুলোর শাসকদের প্রতি আমার আহ্বান, বিশেষ করে পশ্চিম এশিয়া সঙ্গে পারস্য উপসাগরবর্তী দেশগুলোর প্রতি, আপনার আপনাদের আসল শত্রু কে তা শনাক্ত করুন। তাদের পরিকল্পনা বুঝুন এবং তা প্রতিহত করুন।”
এছাড়া এখন মিথ্যার বিরুদ্ধে সত্য এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে ইসলামের জয়ের সম্ভাবনাও বেড়েছে বলে উল্লেখ করেন মোজতবা। তিনি বলেছেন, “আজ, মিথ্যার ওপর সত্যের এবং অবিশ্বাসের বিরুদ্ধে ইসলামের বিজয়ের সময় আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে।”
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তারা মুসলিম দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ক গভীর করতে চান। এরসঙ্গে যুক্তরাষ্ট্র যে অবৈধ হামলা চালিয়েছে সেটিও প্রতিহত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
গত শুক্রবার ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে মিসর ও লেবাননকে নিয়ে কথা বলেন আরাঘচি। তিনি বলেন, মিসর যখনই চাইবে তখনই তারা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত আছেন।
আরাঘচি বলেন, “আমরা মিসরের সঙ্গে ভালো সম্পর্ক চাই। যখনই মিসরে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে একটি সিদ্ধান্তে পৌঁছাবে, আমরাও তা করতে প্রস্তুত আছি।”
অপরদিকে লেবানন নিয়ে তিনি বলেন, লেবাননের সরকার এবং রাজনৈতিক সব পক্ষের সঙ্গে তারা সম্পর্ক স্থাপনে প্রস্তুত আছেন। তবে লেবাননের নেতৃবৃন্দের কিছু নীতি নিয়ে প্রশ্ন তোলেন আরাঘচি। তিনি বলেন, লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও অনেক বেশি যৌক্তিকতা দেখাতে হবে। তবে কোন বিষয়ে যৌক্তিকতা দেখাতে হবে সেটি স্পষ্ট করেননি তিনি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এমটিআই
