বিজ্ঞাপন

মানচিত্রে ট্রাম্পের থাবা: লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করল গুগল

মানচিত্রে ট্রাম্পের থাবা: লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করল গুগল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী এক আদেশের পর যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীদের জন্য কানাডার ‌‌‌লেক অন্টারিওর নাম পাল্টে লেক আমেরিকা করেছে গুগল ম্যাপস। ‍‌‍‍‍শনিবার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সহযোগী প্রতিষ্ঠান গুগল ম্যাপসের এক বিবৃতিতে লেক অন্টারিওর নাম পরিবর্তনের ওই তথ্য জানানো হয়েছে।

কানাডার সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধের অংশ হিসেবে গত বৃহস্পতিবার পাঁচটি গ্রেট লেকসের মধ্যে সবচেয়ে ছোট ওই হ্রদের নাম পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প। এই বাণিজ্য সংঘাতের জের ধরে উভয় দেশই পরস্পরের শত শত কোটি ডলারের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে।

মার্কিন প্রেসিডেন্টের ওই আদেশ যুক্তরাষ্ট্রের সরকারি মানচিত্রের মান নির্ধারণকারী সংস্থা ইউএস জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমের (জিএনআইএস) ওপর কার্যকর হবে। তবে কানাডার নামকরণ নীতি কিংবা বিশ্বের অন্যান্য দেশে এই হ্রদ কী নামে ডাকা হবে, সেটির ওপর এর কোনো প্রভাব পড়বে না।

শনিবার এক ব্লগ পোস্টে গুগল বলেছে, সাধারণত সরকারি অফিসিয়াল তথ্যের ওপর ভিত্তি করে গুগল ম্যাপসের নাম হালনাগাদ করা হয়। যে কারণে যুক্তরাষ্ট্রের মানচিত্র ব্যবহারকারীরা এখন লেক অন্টারিওর নতুন নাম লেক আমেরিকা দেখতে পাবেন। তবে কানাডার ব্যবহারকারীরা ‘লেক অন্টারিওই’ দেখতে পাবেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরের ব্যবহারকারীরা উভয় নামই দেখতে পাবেন।

গুগলের এই সিদ্ধান্তের বিষয়ে রোববার হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে, ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের নির্বাহী আদেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই আদেশের পর গত বছর গুগল ম্যাপস একইভাবে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ হিসেবে পরিবর্তন করেছিল।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার ট্রাম্পের ওই হ্রদের নাম পরিবর্তনের ঘোষণা প্রত্যাখান করেন। কানাডার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, নিউ ইয়র্ক লেক অন্টারিওকে নতুন নামে ডাকবে না। অন্যদিকে পার্শ্ববর্তী ভারমন্ট অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর ফিল স্কট সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘তুচ্ছ ও হতাশাজনক’ বলে অভিহিত করেছেন।
‍‍‍‍‍‍
অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড শনিবার হ্রদের তীরে একটি বড় সাইনবোর্ড উন্মোচন করেছেন; যেখানে ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা রয়েছে, লেক অন্টারিও : এখনও এবং সর্বদা।

ফোর্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে যা খুশি ডাকতে পারেন। কিন্তু আমি আপনাকে বলতে পারি, বাকি বিশ্ব এটিকে সবসময় লেক অন্টারিও বলেই ডাকবে।

সূত্র: রয়টার্স।

এসএস