সরকারি অর্থ ব্যবহার করে নিজের ব্যক্তিগত কর্মচারীদের বেতন দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর সাবেক এই মন্ত্রীকে ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশনের (সিআইএবিওসি) হেফাজতে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে সিআইএবিওসির এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাবেক এই মন্ত্রী জাতীয় লটারি বোর্ডের অর্থ থেকে তিন ব্যক্তির বেতন পরিশোধ করেছিলেন। কিন্তু তারা প্রকৃতপক্ষে তার ব্যক্তিগত কাজ করতেন।
দেশটির সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের সদস্য করুণানায়েককে এমন এক সময়ে গ্রেপ্তার হলো, যখন ২০২৪ সালে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে শ্রীলঙ্কায় দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযান চলছে।
চলতি মাসের শুরুর দিকে দেশটির শেষ সিংহলি রাজার রাজপ্রাসাদ থেকে শতবর্ষী প্রাচীন এক পবিত্র পাথর চুরিতে সহায়তার অভিযোগে সাবেক আরেক মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের এপ্রিলে ৪ হাজার ৬০০ কোটি (৪৬ বিলিয়ন) মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর শ্রীলঙ্কায় তীব্র ওষুধ সংকট শুরু হয়েছিল। রামবুকওয়েলা সেই সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের সকল নিকটাত্মীয়ও বর্তমানে অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত কিংবা বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।
তবে রাজাপাকসে পরিবার তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: এএফপি।
এসএস
