বিজ্ঞাপন

মার্কিনিদের বিনিয়োগের আহ্বান আফগান মন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের কথা ভুলে নতুন সম্পর্ক গড়তে চায় আফগানিস্তান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের কথা ভুলে নতুন সম্পর্ক গড়তে চায় আফগানিস্তান

যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তানে বিনিয়োগ করতে আগ্রহী হয় তাহলে আফগানিস্তান বিষয়টিকে স্বাগত জানাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। গতকাল সোমবার (৩১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তালেবান সরকারে প্রভাবশালী মন্ত্রী মুত্তাকি ইঙ্গিত দেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দীর্ঘ ২০ বছরের যুদ্ধের কথা ভুলে যেতে চান। যুদ্ধের বিষয় স্মরণে না রেখে নতুন করে সম্পর্ক গড়ায় আগ্রহী তারা।

তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সম্পর্ক ২০ বছরের যুদ্ধের দৃষ্টিতে মূল্যায়ন করা উচিত নয়। এর বদলে ভবিষ্যত সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।”

মুত্তাকি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে তাদের খনি, অবকাঠামো, কৃষি ও বাণিজ্যে বিনিয়োগ করতে পারবে। তবে মার্কিন সরকারের কাছে সরাসরি এ প্রস্তাব দেওয়া হয়েছে কি না সেটি উল্লেখ করেননি তিনি।

যুক্তরাষ্ট্র ও সাবেক আফগান সরকারের করা ভূজরিপের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে এক ট্রিলিয়ন ডলার সমমূল্যের উত্তোলনযোগ্য খনিজ পদার্থ আছে। যার মধ্যে রয়েছে সোনা, তামা, আকরিক লোহা, নিওবিয়াম, কোবাল্ট ও লিথিয়াম।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে গেলে তালেবান আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে তারা চীন ও ইরানের সঙ্গে ৭ বিলিয়ন ডলালের খনিজ পদার্থ উত্তোলনের চুক্তি করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাবুলের বাগরাম ঘাঁটি তাদের কাছে তুলে দিতে দাবি জানিয়েছিলেন। তবে মুক্তাকি বলেছেন, আফগানিস্তানে থাকা সবকিছুই আফগানিস্তানের জাতীয় সম্পদ। এগুলো অন্য কাউকে দেওয়া হবে না। এছাড়া মার্কিনিদের নিষেধাজ্ঞাও কার্যকর নয় বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

এমটিআই