গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানি ভূখণ্ডগুলোতে সীমিত হামলার চালানোর ব্যাপারে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা। ইরান যেন হরমুজে থাকা দ্বীপগুলোতে তাদের রাডার এবং মিসাইল সক্ষমতা পুনর্গঠিত না করতে পারে সেজন্য এমন চিন্তা করা হচ্ছে।
তিন মার্কিন কর্মকর্তা মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এক্সিওসকে এ তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, ইরান রাডার ও মিসাইল সক্ষমতা পুনর্গঠন করে হরমুজে চলাচলকারী জাহাজে হামলা চালাবে।
নতুন এ সীমিত হামলার পরিকল্পনাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য ইউনিট সেন্টকম। গত সপ্তাহে করা এ পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ।
গত রোববার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যে হামলা-পাল্টা হামলা হয় তখনও এটিকে সমর্থন জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যেহেতু আবারও সংঘর্ষ হয়েছে তাই এখন ট্রাম্প এতে সবুজ সংকেত দিতে পারেন।
এক্সিওস জানিয়েছে, গত দুই মাসে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অনেকটা নিজেদের কাছে নিয়েছে। এটি সম্ভব হয়েছে ইরানি সামরিক বাহিনীর ওপর হামলা, মাইন অপসারণ এবং জাহাজগুলোকে পাহাড়া দিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে।
এতে করে তেলের ট্যাংকারে ইরানের হামলার সক্ষমতা কমেছে। হরমুজ দিয়ে আগের তুলনায় জাহাজ চলাচল বেড়েছে এবং সেখান দিয়ে তেল রপ্তানিও হচ্ছে।
তবে ইরান এখন নতুন করে আবারও সেই সক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে। তারা তাদের রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জাহাজ বিধ্বংসী মিসাইল সক্ষমতা বাড়ানোর কাজ করছে। যেন আরও নিখুঁতভাবে জাহাজে হামলা চালানো যায়।
এরমধ্যে সম্প্রতি একটি জাহাজকে টহল দিয়ে নিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। যা মার্কিনিদের নতুন করে ভাবিয়ে তুলেছে। যদিও ওই মিসাইল যুদ্ধবিমানটির জন্য কোনো ঝুঁকি তৈরি করতে পারেনি। কিন্তু এটি ইঙ্গিত দিয়েছে ইরান তাদের হামলার সক্ষমতা আবারও পুনর্গঠন করতে চাচ্ছে।
এক্সিওস বলেছে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, সেনাপ্রধান ডেন কেইন এবং প্রেসিডেন্টের দপ্তরকে সেন্টকম বলেছে, হরমুজ দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করতে তাদের আবারও হামলা চালাতে হবে।
সেন্টকমের এমন অনুরোধ সত্ত্বেও প্রেসিডেন্টর দপ্তর নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকতে চেয়েছিল। কিন্তু ইরান গতকাল জর্ডানে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর তাদের চিন্তায় পরিবর্তন এসেছে।
সূত্র: এক্সিওস
এমটিআই
